এইচএসসির ৩ বিষয়ে পুনঃপরীক্ষা: কারা সুযোগ পাবেন, কীভাবে হবে পরীক্ষা?

১৭ জুলাই, ২০২৬ - দুপুর ১:২৬
 1.1k
এইচএসসির ৩ বিষয়ে পুনঃপরীক্ষা: কারা সুযোগ পাবেন, কীভাবে হবে পরীক্ষা?
এইচএসসি পরীক্ষা

বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার পর পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

শিক্ষামন্ত্রীর ঘোষণার পর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্র বিষয়ে পুনঃপরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

জানা গেছে, ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় যারা অংশ নিতে পারেননি, তারা নির্ধারিত তারিখে অভিন্ন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি, বৈরী আবহাওয়ার কারণে যাদের পরীক্ষা প্রত্যাশামতো হয়নি, তারাও পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।

তবে কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করতে হবে এবং পুনঃপরীক্ষার তারিখ কবে হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, পুনঃপরীক্ষার আবেদন প্রক্রিয়া ও নীতিমালা প্রণয়নের কাজ চলছে। সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এদিকে, ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষার ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি থাকার বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা বোর্ড। ফলে ওই দুটি প্রশ্নের উত্তর না লিখলেও পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন। এছাড়া পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ে অতিরিক্ত **৫ নম্বর গ্রেস** দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেছেন, শিক্ষামন্ত্রীর ঘোষণার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পরই পরীক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করা হবে।

অন্যদিকে, অনেক শিক্ষার্থীর দাবি,পদার্থবিজ্ঞান প্রথমপত্রের পুনঃপরীক্ষা সবার জন্য উন্মুক্ত করা হোক এবং দুটি পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যাবে, সেটিই চূড়ান্ত ফলাফলে গণনা করা হোক। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। 

চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে জানিয়েছেন আব্দুল্লাহ শিবলী সাদিক।