মাঝ আকাশে দরজা খোলার সংকেত, ঢাকায় জরুরি অবতরণ এয়ার অ্যাম্বুলেন্সের

১৮ অক্টোবর, ২০২৬ - রাত ৮:৪৪
 2k
মাঝ আকাশে দরজা খোলার সংকেত, ঢাকায় জরুরি অবতরণ এয়ার অ্যাম্বুলেন্সের
মাঝ আকাশে দরজা খোলার সংকেত, ঢাকায় জরুরি অবতরণ এয়ার অ্যাম্বুলেন্সের

ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা মাঝ আকাশে খুলে যাওয়ার সংকেত পাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উড়োজাহাজটি অবতরণ করে। এতে থাকা অসুস্থ নারী রোগীকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভারতের এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেডের সি৯০এ মডেলের এয়ার অ্যাম্বুলেন্সটি রোববার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আগরতলা থেকে কলকাতার একটি হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করে। বাংলাদেশে প্রবেশের পর পাইলট ক্যাপ্টেন পুণ্য অনুপ উড়োজাহাজের একটি দরজা খুলে যাওয়ার সংকেত পান। পরিস্থিতি বিবেচনায় তিনি ঝুঁকি না নিয়ে নিকটবর্তী ঢাকার বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান।

বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত অবতরণের অনুমতি দেয় এবং রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

এয়ার অ্যাম্বুলেন্সে অঞ্জনা ভৌমিক নামে ওই নারী রোগীর সঙ্গে একজন চিকিৎসক, একজন প্যারামেডিক, রোগীর দুই স্বজন এবং দুই পাইলট ছিলেন। তারা সবাই ভারতের নাগরিক।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, প্রবল বাতাসের মধ্যে উড়োজাহাজটির দরজা খুলে যাওয়ার সংকেত পান পাইলট। এরপর তিনি ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি নেন।

অবতরণের পর রোগীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দরের অপর এক কর্মকর্তা জানান, মৃত রোগী ও উড়োজাহাজের অন্য আরোহীদের ভারতে ফিরিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।