এমপিওভুক্ত শিক্ষক বদলির পথে বাধা কাটল, তথ্য হালনাগাদে নতুন নির্দেশ

২১ জুন, ২০২৬ - বিকাল ৬:৫৪
 815
এমপিওভুক্ত শিক্ষক বদলির পথে বাধা কাটল, তথ্য হালনাগাদে নতুন নির্দেশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলির লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করতে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার মাউশির বেসরকারি মাধ্যমিক শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের পরিচালক মো. সাহাবুদ্দিন হোসেন খান স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষক বদলি নীতিমালা-২০২৫ অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের তথ্য সংগ্রহ কার্যক্রম চালু করা হলেও সফটওয়্যারের কারিগরি জটিলতার কারণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কারিগরি সমস্যা সমাধানের পরও যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো শিক্ষক-কর্মচারীদের তথ্য ইনপুট ও ভেরিফিকেশন সম্পন্ন করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানকে ২৫ জুনের মধ্যে তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের কাজ সম্পন্ন করতে হবে। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ৫ জুলাই এবং জেলা শিক্ষা কর্মকর্তারা ১৫ জুলাইয়ের মধ্যে যাচাই-বাছাই শেষ করবেন।

অন্যদিকে কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ জুন পর্যন্ত। এরপর আঞ্চলিক উপপরিচালক (কলেজ) ৫ জুলাই এবং আঞ্চলিক পরিচালক ১৫ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন করবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুত ও নির্ভুলভাবে শিক্ষক-কর্মচারীদের তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে, যাতে এমপিওভুক্ত শিক্ষক বদলি কার্যক্রম নির্বিঘ্নে বাস্তবায়ন করা যায়।