কারাগারে দাঙ্গার ঘটনায় তদন্ত শুরু
শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গার ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সোমবারের সংঘর্ষের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনায় ২৭ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
নেগোম্বো কারাগারের ভেতরে সশস্ত্র পুলিশ ও কমান্ডো মোতায়েন না করা হলেও কারাগারের চারপাশে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
বিচারমন্ত্রী হর্ষানা নানায়াক্কারা মঙ্গলবার পার্লামেন্টে জানান, সরকার গঠিত একটি তদন্ত কমিশনের পাশাপাশি ফৌজদারি তদন্তও শুরু হয়েছে। সংঘর্ষের সময় বন্দিরা একটি সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলে।
পুলিশ জানায়, মৃতের সংখ্যা অন্তত ২৭। এর মধ্যে রাতে আরো একজন বন্দির মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজধানীর উত্তরে অবস্থিত ওই কারাগারে প্রতিদ্বন্দ্বী দু’টি চক্রের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তারা কারারক্ষীদের পরাস্ত করে তাদের অস্ত্র ছিনিয়ে নেয় এবং গুলি চালায়।
চিকিৎসকরা জানান, নেগোম্বো হাসপাতালে এখনো ৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২৩ জন কারারক্ষী। তারা গুলিবিদ্ধ, কাটা জখম ও গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
এছাড়া আরো ১৯ জন বন্দি কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার দাঙ্গা থামানোর চেষ্টা করতে গিয়ে সাতজন কারারক্ষী নিহত হন বলে জানিয়েছে স্থানীয় কতৃপক্ষ।






