নড়াইলে ১ লক্ষ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে
নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিত করন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নড়াইল সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং নড়াইল সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ।
কর্মপরিকল্পনা ও মূল ধারণাপত্র উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পী।
এসময় বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু, ইপিআই সুপার দুলাল চন্দ্র গাইন প্রমুখ।
সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ বলেন, আগামী ২৮ জুন সারাদেশের ন্যায় নড়াইল জেলাতেও ভিটামিন প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলার ৩টি পৌরসভা ও ৩৯টি ইউনিয়নে ০৬ মাস হতে ১১ মাস বয়সী ১১ হাজার ৮শ ৪৪ জন শিশুকে ১লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৭ হাজার ৮শ ৮২ জন শিশুকে ২লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কাজ বাস্তবায়নে ১হাজার ২০টি কেন্দ্রে ২ হাজার ৪০ জন স্বেচ্ছাসেবক, ২৫০ জন কর্মী ও ১২০ জন সুপার ভাইজার দায়িত্ব পালন করবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্তু এ কার্যক্রম চলবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





