নড়াইলে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

২৭ সেপ্টেম্বর, ২০২৬ - দুপুর ২:৫৫
 5.8k
নড়াইলে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইলের কালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মানসুর মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামের একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মানসুর মোল্যা ওই গ্রামের হাবি মোল্যার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তাঁর চাচাতো ভাই হাসিব মোল্যা একই গ্রামের লিপটন মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শুক্রবার এ নিয়ে সালিশ বৈঠক হয়। বৈঠকে স্থানীয় এক ইউপি সদস্যকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।
এর জেরে শনিবার রাতে কদমতলা গ্রামের জুয়েলের মুদি দোকানের সামনে মানসুরের ছেলে হাবিব ও হাসিবের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে মারামারি শুরু হলে হাসিবের হাতে থাকা ছুরি দিয়ে মানসুরকে কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।