এইচএসসি পদার্থবিজ্ঞানের প্রশ্ন পর্যালোচনায় বোর্ড, ভুল প্রমাণিত হলে দেওয়া হবে পূর্ণ নম্বর
চলতি এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে ওঠা আলোচনা-সমালোচনার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
সোমবার (১৩ জুলাই) কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠিত এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে যে বিষয়টি উঠে এসেছে, সে সম্পর্কে ঢাকা শিক্ষা বোর্ড অবগত রয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।
এতে আরও বলা হয়, পর্যালোচনায় সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হলে প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে। কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বরও দেওয়া হবে।
একই সঙ্গে পরীক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।





