ডেঙ্গুর হটস্পট খুলনা বিভাগ, একদিনে সর্বোচ্চ ২৫২ রোগী হাসপাতালে
দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। এর মধ্যে নতুন রোগী হাসপাতালে ভর্তির হিসাবে সবচেয়ে বেশি চাপ এখন খুলনা বিভাগে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা বিভাগেই ভর্তি হয়েছেন ২৫২ জন—যা দেশের বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক তালিকায় সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, একই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, বরিশাল বিভাগে ২১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
খুলনা বিভাগের পরিস্থিতিও গত কয়েক দিনে দ্রুত অবনতির চিত্র দেখিয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৯ হাজার ৭৪৮ জন। এ সময়ে মারা গেছেন ৩৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯১ জন।
শুধু সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনেই খুলনা বিভাগে ৩ হাজার ৬৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ১৪ জন।
এর আগে ১৫ সেপ্টেম্বরের ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ২৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি এবং তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। এর এক দিন পরও বিভাগটি সারাদেশে নতুন রোগী ভর্তির হিসাবে শীর্ষে রয়েছে।
এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬ জনে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ হাজার ৪০০ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।






