এআই ভিডিও বানিয়ে ইউটিউব থেকে আয়ের দিন শেষ!
জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিওর ব্যাপক বৃদ্ধির প্রেক্ষাপটে নিম্নমানের ও অপ্রামাণ্য কনটেন্ট রদে কঠোর পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
ইউটিউব জানিয়েছে, নির্দিষ্ট তিন ধরনের এআই-নির্ভর ভিডিও থেকে আর ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’ (ওয়াইপিপি)-এর মাধ্যমে আয় করার কোনো সুযোগ থাকবে না। ইউটিউবের হালনাগাদ করা নতুন নীতিমালা অনুযায়ী, একই ধরনের বা বারবার পুনরাবৃত্তি করা ভিডিও, দর্শকদের আবেগকে বিভ্রান্ত বা অস্বস্তিতে ফেলার উদ্দেশ্যে তৈরি কনটেন্ট এবং স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি বা আইনি পরামর্শের মতো সংবেদনশীল বিষয়ে মানবসদৃশ এআই চরিত্র ব্যবহার করে তৈরি ভিডিওকে ‘ইন-অথেনটিক কনটেন্ট’ হিসেবে বিবেচনা করা হবে। এই ধরনের কোনো ভিডিও থেকে ভবিষ্যতে আর মনিটাইজেশন বা বিজ্ঞাপনের অর্থায়নের সুবিধা পাওয়া যাবে না।
এআই কনটেন্ট নিয়ে ইউটিউবের এমন অবস্থান একেবারেই নতুন না হলেও এবার নীতিমালার আওতা আরও সুনির্দিষ্ট ও স্পষ্ট করা হয়েছে। মূলত গণহারে তৈরি নিম্নমানের ভিডিওর বিস্তার ঠেকিয়ে মৌলিক, সৃজনশীল ও তথ্যভিত্তিক কনটেন্টকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউটিউবের মতে, প্ল্যাটফর্মটি যাতে নিম্নমানের এআই ভিডিওতে ভরে না যায় এবং এর ফলে সাধারণ দর্শকের ভিডিও দেখার অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের আস্থা যেন না কমে, সে জন্যই মানসম্মত কনটেন্টকে উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।





