প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশ হচ্ছে না

৯ জুলাই, ২০২৬ - দুপুর ২:২০
 150
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশ হচ্ছে না
প্রাথমিক বৃত্তি পরীক্ষা

কারিগরি জটিলতার কারণে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে না। ফল প্রকাশের এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহে ফল প্রকাশের নতুন সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হয়নি। এর পাশাপাশি কিছু কারিগরি জটিলতাও দেখা দিয়েছে। বড় কোনো সমস্যা না হলে আগামী সপ্তাহের প্রথম দিকে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী বলেন, "বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দেওয়া হবে।"

উল্লেখ্য, পরীক্ষা শেষ হওয়ার পর এ নিয়ে পাঁচ দফায় ফল প্রকাশের সম্ভাব্য সময় পেছানো হলো। প্রথমে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও পরে তা পিছিয়ে ঈদের আগে ও পরে দুই দফা সময় দেওয়া হয়। তাতে ব্যর্থ হয়ে জুন মাসের মধ্যে ফল প্রকাশের জোর ঘোষণা দিলেও তা সম্ভব হয়নি। সর্বশেষ ৯ জুলাই তারিখ নির্ধারণ করেও তা রক্ষা করতে পারল না অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ৯ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী ফল প্রস্তুতের কাজ করছিল অধিদপ্তর। গত ৬ জুলাই অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা জানিয়েছিলেন, ফলাফল প্রকাশের কাজ প্রায় শেষ, সব ঠিক থাকলে বৃহস্পতিবারই ফল প্রকাশ করা হবে। কিন্তু শেষ মুহূর্তে কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হলো না।

চলতি বছরের ১৫ এপ্রিল শুরু হয়ে ১৮ এপ্রিল তা শেষ হয়।

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। যার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে পাঁচ লাখ এবং বেসরকারি কিন্ডারগার্টেনের ৯০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। লাখো শিক্ষার্থী ও অভিভাবক এখন ফলাফলের অপেক্ষায় দিন গুনছেন।