যৌন নির্যাতন মামলায় দিতে হবে ৫০লাখ ডলার ট্রাম্পের আবেদন খারিজ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লেখিকা ও কলামিস্ট ই. জেন ক্যারলের করা যৌন নির্যাতন মামলার রায় বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালত ট্রাম্পের আইনজীবীদের করা আবেদন নাকচ করে নিম্ন আদালতের রায় বহাল রাখেন।
কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই আদালত আবেদনটি প্রত্যাখ্যান করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালে ই. জেন ক্যারল ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন।
তার অভিযোগ, ১৯৯৬ সালে নিউ ইয়র্কের ম্যানহাটানের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যারল ট্রাম্পের কাছে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেন।
২০২৩ সালের মে মাসে মামলার রায়ে ই. জেন ক্যারল বিজয়ী হন। এরপর ট্রাম্পের আইনজীবীরা উচ্চতর আদালতে আপিল করলেও ফেডারেল আদালত নিম্ন আদালতের রায়ই বহাল রাখেন।
সর্বশেষ ২০২৫ সালে বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ায়। গতকালের সিদ্ধান্তের মাধ্যমে সর্বোচ্চ আদালত কার্যত নিম্ন আদালতের রায়কেই চূড়ান্ত সিলমোহর দিলেন।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্য বড় ধরনের আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত ট্রাম্প কিংবা তার আইনজ্ঞ দলের পক্ষ থেকে এই আদেশের পর পরবর্তী কোনো আইনি পদক্ষেপের বিষয়ে কিছু জানানো হয়নি।






