ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, খুলনা বিভাগেই ২ জন

১০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৯:১৫
 1.8k
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, খুলনা বিভাগেই ২ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।

নতুন করে মারা যাওয়া ছয়জনের মধ্যে খুলনা বিভাগের দুজন রয়েছেন। ফলে খুলনা বিভাগের মানুষের মধ্যেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৮১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন ৩২৭ জন।

এর মধ্যে খুলনা বিভাগে একদিনেই ২৮৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে বরিশালে ১৭৮, চট্টগ্রামে ২০২, ময়মনসিংহে ৮০, রংপুরে ৫৪ এবং সিলেটে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ৪৩০ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৪৪ হাজার ৮৫৭ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে। আর চলতি সেপ্টেম্বর মাসেই এখন পর্যন্ত মারা গেছেন ৪২ জন।

খুলনা বিভাগের অন্তর্ভুক্ত নড়াইল, যশোরসহ বিভিন্ন জেলায় ডেঙ্গু পরিস্থিতির ওপরও নজর রাখছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে খুলনা বিভাগে একদিনে ২৮৪ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য এ অঞ্চলে ডেঙ্গুর বিস্তারের বিষয়টি নতুন করে সামনে এনেছে।

স্বাস্থ্য অধিদফতর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। সেই হিসাবে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।