জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ভাতার টাকা ছাড়
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের আওতায় ১ কোটি ৫৫ লাখ ৯২ হাজার ৩৩৩ টাকা ছাড় করেছে সরকার।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৩০ জুলাই ২০২৬ তারিখে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের সম্মানী ভাতা’ শীর্ষক কর্মসূচির আওতায় এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে দেশের ৬৪ জেলার ৭৯০ জন শহীদের বিপরীতে তাদের পরিবারের ১ হাজার ১২৭ জন উপকারভোগীর অনুকূলে জুলাই ২০২৬ মাসের সম্মানী ভাতা হিসেবে এ অর্থ বিতরণ করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অর্থ সরকারি বিধি-বিধান অনুসরণ করে সংশ্লিষ্ট উপকারভোগীদের অনুকূলে বিতরণ করতে হবে। এ জন্য চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের সঙ্গে সংযুক্ত তালিকায় প্রতিটি শহীদের নাম, জেলা, উপকারভোগীর পরিচয়, ব্যাংক হিসাব নম্বর, হিসাবধারীর নাম এবং জুলাই ২০২৬ মাসের ভাতার পরিমাণ উল্লেখ করা হয়েছে।





