দাপ্তরিক চিঠিতে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ
সরকারি দাপ্তরিক সব চিঠিতে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহার করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রোববার (২৬ জুলাই) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সরকার চলতি বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে গত ২ জুলাই প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো উন্মোচন করেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর আদর্শ, চেতনা ও সৃষ্টিকে জাতির কর্ম ও মননে সমুন্নত রাখা এবং যথাযোগ্য মর্যাদায় ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে নির্ধারিত লোগো ব্যবহারের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এ নির্দেশনা জারি করেছে বলে চিঠিতে জানানো হয়েছে।





