সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলার অভিযোগ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের পৈতৃক বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের কেশবমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের দাবি, অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি সাকিবের পৈত্রিক বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে বিস্ফোরক সদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। বিকট শব্দে বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে। পুলিশ আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন গণমাধ্যমকে বলেন, নিক্ষেপ করা বস্তুটি পেট্রোল বোমা ছিল কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতামত ও তদন্তের ভিত্তিতে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে এ হামলার সঙ্গে জড়িত, তা উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য,বুধবার (৫ আগস্ট) রাতে ভারতের দিল্লি থেকে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন সাকিব আল হাসান।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটলেও, সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে এ ধরনের অভিযোগ এই প্রথম সামনে এলো।






