মতিঝিল মেট্রোস্টেশনের নিচে থেকে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করার সময় ১ জন আহত
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচের সড়ক থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতিঝিল মেট্রোস্টেশনের নিচের সড়কে একটি ছাতার ভেতরে বোমাটি রাখা ছিল।
পরে সেটি সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল।
পুলিশ জানিয়েছে, উদ্ধার ও নিষ্ক্রিয় করা বোমাটি ছিল একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)। বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং বোমার স্প্লিন্টার লেগে এক পথচারী আহত হয়েছেন।
ডিএমপি সূত্র জানায়, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতিঝিল মেট্রোস্টেশনের নিচের সড়কে একটি ছাতার ভেতরে বোমাটি রাখা ছিল। এটি দেখে পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত পুলিশ সদস্যরা গিয়ে পুরো এলাকা ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে ওই সড়কে কিছুক্ষণের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়। এরপর ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে মতিঝিল স্টেশনের নিচতলায় (গ্রাউন্ড ফ্লোর) ডিজেল জেনারেটর রুমের পাশে একটি সন্দেহজনক বস্তু দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে একটি ছাতা ও একটি বালতি পড়ে ছিল। ছাতার ভেতরে আলো জ্বলতে থাকায় বস্তুটি সন্দেহজনক বলে প্রতীয়মান হয়। মেট্রোরেলের দায়িত্বরত আনসার সদস্যরা বিষয়টি তাৎক্ষণিকভাবে স্টেশন কন্ট্রোলার ও এমআরটি পুলিশকে জানান।
খবর পেয়ে মতিঝিল থানা-পুলিশ, এমআরটি পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন। পরে ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল এবং ডিবি পুলিশ ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে বোমা শনাক্ত করে। পরবর্তীতে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে এটি নিষ্ক্রিয় করা হয়।
ডিএমপির কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, মতিঝিল মেট্রোস্টেশনের নিচের সড়ক দিয়ে উল্টো রথযাত্রা অতিক্রম করার পর ছাতায় রাখা বোমাসদৃশ বস্তুটি দায়িত্বরত আনসার সদস্যদের নজরে আসে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, উদ্ধার করা বোমাটি আইইডি প্রকৃতির ছিল। সেটি সেখান থেকে সরিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। ছাতার ভেতরে কে বা কারা এই বোমা রেখেছে, তাদের শনাক্ত করতে পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে।
বোমা উদ্ধারের পর পুরো এলাকায় অন্য কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা শনাক্ত করতে ডিএমপির ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ হয় এবং এর স্প্লিন্টার লেগে মিরাজ আহমেদ (৩৩) নামের এক পথচারী আহত হন। আহত মিরাজ শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মচারী এবং তিনি মতিঝিলের আরামবাগ এলাকায় থাকেন।
মিরাজের বন্ধু শামসুল হক জানান, মিরাজ আহমেদসহ তারা তিন বন্ধু টিকাটুলীর রাজধানী মার্কেট থেকে কেনাকাটা করে ফিরছিলেন। রাত আটটার দিকে রিকশায় মতিঝিল মেট্রোরেলের নিচে নামামাত্রই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় কিছু একটা মিরাজের বাঁ চোখে এসে লাগে। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে শেরেবাংলা নগরের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, বোমা নিষ্ক্রিয় করার সময় হয়তো আহত ব্যক্তি ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছিলেন, যার কারণে তাঁর চোখে স্প্লিন্টার লেগে থাকতে পারে।
এই পুলিশ কর্মকর্তা জানান, বোমা উদ্ধারের পর পুরো এলাকায় কোনো বিস্ফোরক আছে কি না, তা শনাক্তে ডিএমপির ডগ স্কোয়াড তল্লাশি চালায়। বোমা উদ্ধারের ঘটনায় মতিঝিল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডিএমপির কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, মতিঝিল মেট্রোস্টেশনের নিচের সড়ক দিয়ে উল্টো রথযাত্রা অতিক্রম করার পর ছাতায় রাখা বোমাসদৃশ বস্তুটি সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের নজরে আসে।






