নড়াইলে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৯:২২
 1.7k
নড়াইলে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নড়াইলে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নড়াইলে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন।

সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আজ ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা’ অনুষ্ঠিত হয়েছে।
নড়াইলের জেলা প্রশাসক  ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিংকন বিশ্বাস ও আহসান মাহমুদ রাসেল, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, স্থানীয় সরকারের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের অংশীজনেরা।
সভায় জেলা প্রশাসক জানান, নড়াইল জেলায় ডেঙ্গু পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৩ মাসব্যাপী বিশেষ অভিযান সফল করতে জেলা ও উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। জনসচেতনতা বাড়াতে প্রতিটি এলাকায় লিফলেট বিতরণ, মাইকিং, মশক নিধন অভিযান জোরদার এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।