নড়াইল জেলা হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক মুশিউর রহমান বাবুর যোগদান
নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেছেন ডাক্তার আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান বাবু। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এ উপলক্ষে নড়াইলবাসীর পক্ষ থেকে খুলনা বিভাগীয় কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও নবনিযুক্ত তত্ত্বাবধায়ককে স্বাগত জানানো হয়।
এরপর জেলা হাসপাতালের কনফারেন্স রুমে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে ডা. আ ফ ম মুশিউর রহমান বাবুকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মো. আলীমুজ্জামান সেতু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত তত্ত্বাবধায়ক ডা. আ ফ ম মুশিউর রহমান বাবু বলেন, নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত ও জনবান্ধব করার জন্য আন্তরিকভাবে কাজ করতে চাই। চিকিৎসা নিতে এসে কোনো রোগী যেন অযথা হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় হাসপাতালের সেবার মান আরও উন্নত করা সম্ভব। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষ যাতে সহজে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সেটিকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, নড়াইল জেলা হাসপাতালের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এই হাসপাতাল ও নড়াইলের মানুষের প্রতি তার আলাদা দায়বদ্ধতা রয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে হাসপাতালকে আরও কার্যকর ও আস্থার জায়গায় পরিণত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
অনুষ্ঠানে ডা. সুজল কুমার বকশী, জেলা ছাত্রদলের সদস্য সচিব আল মামুন গাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা. মুশিউর রহমান বাবু নড়াইল জেলা হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন পদে যোগ দেন। সেখান থেকে তাকে স্বাস্থ্য অধিদপ্তরে নেওয়া হয়। সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর জারি করা এক পত্রে তাকে নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দীর্ঘদিন নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মানবিক চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেন ডা. মুশিউর রহমান বাবু। দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় সহযোগিতা করাকে তিনি সবসময় গুরুত্ব দিয়েছেন।






