ঘটনার এক সপ্তাহের মধ্যেই দেয়া হচ্ছে নড়াইলে শিশু কণ্যা জান্নাতুল ধর্ষণ ও হত্যা মামলার চার্জশীট
ঘটনার এক সপ্তাহের মধ্যেই নড়াইলের রামচন্দ্রপুরের দত্তপাড়া এলাকায় ৫ বছরের শিশুকণ্যা জান্নাতুলকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশীট দেয়ার প্রস্তুতি চলছে।
গত ২১ জুলাই নড়াইল-বেনাপোল-ঢাকা সড়কের দত্তপাড়া এলাকায় সড়ক অবরোধ চলাকালে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এক সপ্তাহের মধ্যেই চার্জশীট প্রদান ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মেনে নেয়ার ঘোষণা দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা পাঠক প্রবাহকে জানান, আসামী মোঃ রবিউল ইসলাম রবি ইতিমধ্যে ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। একটি রিপোর্ট হাতে এসে পৌছালেই এই মামলার চার্জশীট দেয়া সম্ভব হবে। আশা করা যায় আগামী ২/১ দিনের মধ্যেই চার্জশীট দেয়া সম্ভব হবে।
উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) বিকেলে জান্নাতুলের বাবা মফিজুর রহমান স্থানীয় হাট থেকে মিষ্টি নিয়ে বাড়িতে আসেন। জান্নাতুল সেই মিষ্টি খেতে খেতে বাড়ির পাশের রাস্তায় ঘোরাফেরা করার সময় প্রতিবেশী ফুফাতো ভাই রবিউল সিকদার তাকে ডেকে নিজ ঘরে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর জান্নাতুল বাড়িতে না ফেরায় খোজাখুজির একপর্যায়ে রবিউলের ঘরের মেঝেতে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় শিশুটির নিথর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার পরদিন মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে আসামি রাজমিস্ত্রি রবিকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। নিহত জান্নাতুল দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘাতক রবিউলের ফাঁসির দাবিতে মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে নড়াইল। বৃষ্টির তোয়াক্কা না করে এসপি অফিসের সামনে নড়াইল-মাইজপাড়া-মাগুরা সড়কে অবস্থান নেন ছাত্র-জনতা।
পাশাপাশি নড়াইল-বেনাপোল-ঢাকা জাতীয় মহাসড়কের দত্তপাড়া এলাকায় টানা ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। পরবর্তীতে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত রবিউলের দ্রুত বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত রবিউলের কাছে মোবাইল ফোন না থাকা সত্ত্বেও পুলিশ সর্বোচ্চ প্রযুক্তি ও সক্ষমতা ব্যবহার করে তাকে দ্রুততম সময়ে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।






