নড়াইলে জামায়াতে ইসলামীর ইউনিয়ন যুব প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন যুব প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে নড়াইল জেলা পরিষদ হলরুমে এ প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ খিয়াম উদ্দিন এর সভাপতিত্বে এবং জেলা যুব বিভাগের সেক্রেটারি আশিকুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, বিগত জুলাই আন্দোলনের অন্যতম নিয়ামক শক্তি ছিল এ দেশের যুবসমাজ। আগামী দিনে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রেও যুবকরাই অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী নীতি-নৈতিকতার প্রশ্নে কখনো আপস করে না, যা ইতোমধ্যেই বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজকে নৈতিক শক্তিতে বলীয়ান হয়ে কাজ করতে হবে। আদর্শবান, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার জন্য তিনি তরুণদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে নড়াইল জেলা আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু যুবসমাজকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজ গঠন ও দেশ পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, ড. খান আব্দুস সোবহানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব প্রতিনিধিরা।
সম্মেলনে বক্তারা দেশের কল্যাণে নৈতিক ও আদর্শিক নেতৃত্ব গড়ে তুলতে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।






