ডেঙ্গুতে আক্রান্ত জবি ছাত্রের পাশে দাড়ালেন ছাত্রদল নেতা রুমি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দেবপ্রিয় অধিকারী নীল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সম্প্রতি তার চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২নং যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান রুমি। নিবিড় পরিচর্যার পর আজ রবিবার সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত থাকাকালে ১৪ অক্টোবর ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে দেবপ্রিয় অধিকারী নীল ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করে উপহার হিসেবে চিকিৎসা সহায়তা প্রদান করেন তিনি। এগিয়ে আসেন প্লাটিলেট ব্যবস্থাপনার ব্যয় নির্বাহে। এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করে দেড় লক্ষাধিক টাকা ডিসকাউন্টের ব্যবস্থাও করে দেন ছাত্রদল নেতা রুমি।
এ বিষয়ে মোস্তফিজুর রহমান রুমি বলেন,“নীলের অসুস্থতার খবর পাওয়ার পর প্রথম দিন থেকেই শুরু করে সুস্থ হয়ে বাড়ি ফেরা পর্যন্ত আমরা সর্বোচ্চটা দিয়ে তার পাশে থাকার চেষ্টা করেছি। একজন শিক্ষার্থী হিসেবে নীলের এই সংকটময় সময়ে তার পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব ও ভ্রাতৃত্ববোধেরই বহিঃপ্রকাশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল-দেশ ও জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে শত জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতন উপেক্ষা করে যেমন মানুষের পাশে ছিলাম, ঠিক তেমনিভাবে শিক্ষার্থীদের যেকোনো সংকটেও পাশে আছি, পাশে থাকব ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমরা কথায় নয়, কাজের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। আমাদের রাজনীতি হোক শিক্ষার্থীদের কল্যাণে, আমাদের পথচলা হোক মানবিকতা ও দায়িত্ববোধের পথে। ইনশাআল্লাহ, শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।”





