টহল দিতে গিয়ে নিজের ছেলের মরদেহ উদ্ধার, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবলের হৃদয়বিদারক মুহূর্ত
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক স্কুলছাত্র তুহিন (১০) এর মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের সন্তানের নিথর দেহের মুখোমুখি হলেন এক পুলিশ কনস্টেবল।
শুক্রবার (২৪ জুলাই) সকালে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল জনতা স্কুল রোড এলাকায় সাইকেল চালানোর সময় একটি সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় এই ঘটনা ঘটে।
তুহিন (১০) কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার বাসিন্দা ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বা মোহাম্মদ সামছুল ইসলাম কিশোরগঞ্জ সদর মডেল থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত।
ঘটনাস্থলেই মারা যায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তুহিন (১০)। সে গাইটাল এলাকার বাসিন্দা এবং কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মোহাম্মদ সামছুল ইসলামের ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে অন্য দিনের মতো ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একটি টহল দল। সেখানে মরদেহ উদ্ধারের দায়িত্ব পালন করতে গিয়েই কনস্টেবল সামছুল ইসলাম জানতে পারেন, নিহত শিশুটি তারই ছেলে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, সন্তানের মরদেহ দেখে সামছুল ইসলাম কান্নায় ভেঙে পড়েন। সহকর্মী ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। হৃদয়বিদারক এই দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
তুহিনের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলায়। পরিবারের সঙ্গে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় ভাড়া বাসায় থাকত সে। তার মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।
ওসি জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।






