৫ম বারের মতো নড়াইল জেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন আতাউর রহমান বাচ্চু এমপি
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু পঞ্চমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন।
২০২৬-২০২৭ সেশনের জন্য পুনরায় তাঁকে জেলা আমির হিসেবে নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য নির্বাচিত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান একযোগে নড়াইলসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান বাচ্চু নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের কোমখালী গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। স্কুলজীবন থেকেই তিনি ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পর ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। এরপর তিনি নড়াইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হন।
পরবর্তী সময়ে ২০১৪ সালে নড়াইল সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং ২০১৯ সাল থেকে জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ছাত্রসংগঠনে দায়িত্ব পালনের ক্ষেত্রেও রয়েছে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা। ১৯৯৬-৯৭ সেশনে নড়াইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে শুরু হয় তাঁর সাংগঠনিক পথচলা। পরবর্তী সময়ে নড়াইল ও খুলনার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি ২০১০ সালে মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ২০১১ সালে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ২০১২ সালে কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি বিএল কলেজ থেকে বি.কম (অনার্স) ও এম.কম (ব্যবস্থাপনা) সম্পন্ন করেন। পরে ধানমন্ডি সেন্ট্রাল ল' কলেজ থেকে এলএলবি এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
এদিকে, পুনরায় জেলা আমির নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন।
নতুন মেয়াদে দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন আতাউর রহমান বাচ্চু।





