নড়াইলে ১০ বছরের শিশুকে বলাৎকারের দায়ে শিক্ষক মিরাজ আলীর যাবজ্জীবন
নড়াইলে ১০ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে বলাৎকারের দায়ে মিরাজ আলী নামে এক মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় অভিযুক্ত শিক্ষক মিরাজ আলী আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ জুলাই ভোররাতে নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর বাদামতলা এলাকায় জামিয়া রহমানিয়া তাইসিরুল উলুম মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে একই মাদ্রাসার শিক্ষক মিরাজ আলী ওরফে মিরাজ হুজুর বলাৎকারের ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে ১৩ জুলাই নড়াইল সদর থানায় মাদ্রাসার শিক্ষক মিরাজ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত মিরাজ আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার আদেশ দেন।






