শাশুড়ি-জামাই মাদকসহ গ্রেফতার

৩১ আগস্ট, ২০২৬ - রাত ৯:৫৩
 1.7k
শাশুড়ি-জামাই মাদকসহ গ্রেফতার
শাশুড়ি-জামাই মাদকসহ গ্রেফতার

নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবাসহ শাশুড়ি ও মেয়ের জামাইকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচুড়িয়া গ্রাম থেকে শাশুড়ি সীমা বেগম (৩৮) ও তার মেয়ের জামাই মোঃ রাসেল শেখ (২১)-কে গ্রেফতার করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী, পাঁচুড়িয়া গ্রামের মোঃ ইউসুফ শেখের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ১ কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান শেষে গ্রেফতার দুজনকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসহ কারবারি আটকের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।