নড়াইলে জুলাই পদযাত্রা ও পথসভায় সংবিধান সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি

২৫ জুলাই, ২০২৬ - রাত ৮:১১
 858
নড়াইলে জুলাই পদযাত্রা ও পথসভায় সংবিধান সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি
নড়াইলে জুলাই পদযাত্রা ও পথসভা

জুলাই আন্দোলনের চেতনা ধারণ, রাষ্ট্র সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে নড়াইলে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কর্মসূচি থেকে সংবিধান সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন, পুলিশ-প্রশাসন ও বিচারব্যবস্থার সংস্কার, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে এ পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে শহরে একটি পদযাত্রা বের করে দলটির নেতাকর্মীরা।

নড়াইল জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমির সঞ্চালনায় আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এছাড়া বক্তব্য দেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্য সচিব আমিরুল ইসলাম রানাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করতে সংবিধানসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যুগোপযোগী সংস্কার প্রয়োজন। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তারা।

পথসভায় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, জনপ্রতিনিধিরা চাল-গম চুরি করে, আর ভোটাররা ভোটের আগের রাতে ভোট চুরি করে।  তিনি বলেন, দেশের বিদ্যমান সংকটের স্থায়ী সমাধান তখনই সম্ভব হবে, যখন জনগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বও যথাযথভাবে পালন করবে। দুর্নীতি প্রতিরোধে ভোটারদের নৈতিকতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণ যদি সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের সুযোগ কমে আসবে।

তিনি আরও জানান, জাতীয় নাগরিক পার্টি বর্তমানে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। দলের নেতারা প্রতিটি উপজেলা পর্যায়ে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং রাষ্ট্র সংস্কারের কর্মসূচি তুলে ধরছেন।

পথসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। কর্মসূচি শেষে দলটির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কার ও বিচার নিশ্চিতের দাবিতে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।