রাষ্ট্রপতির পদত্যাগের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

২৪ জুলাই, ২০২৬ - রাত ১২:৩৩
 965
রাষ্ট্রপতির পদত্যাগের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
রাষ্ট্রপতির পদত্যাগের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

জামালপুরের সমাবেশে ছাত্র-জনতার নতুন আন্দোলনেরও ইঙ্গিত দিলেন এনসিপি আহ্বায়ক।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করা উচিত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন পর রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার এতদিনেও রাষ্ট্রপতিকে অপসারণে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। সরকার জাতীয় ঐক্যকে গুরুত্ব না দিলে রাষ্ট্র পরিচালনায় সংকট তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

জামালপুরের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি জেলা প্রশাসন ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

সমাবেশে তিনি বলেন, সরকার এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। জনগণের প্রত্যাশা পূরণ না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এনসিপির জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মো. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে আবু সাইদ মো. শামীম এবং জামালপুর পৌরসভার মেয়র পদে আবিদ সৌরভকে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।