প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য
এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামুদরকাঠি গ্রামে স্থানীয় একটি মসজিদের ইমামের নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে।
ওই নারী তার পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকেও সঙ্গে নিয়ে বাড়ি ছাড়েন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশেম ফকিরের ছেলে মো. বেলাল ফকির দীর্ঘদিন ধরে কচুয়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৭ জুলাই জুমার নামাজ আদায়ের পর তিনি মসজিদ কমিটির কাছে সাত দিনের ছুটি নেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কর্মস্থলে আর ফেরেননি।
এদিকে একই দিন পাশের বাড়ির প্রবাসী মো. হাসানের স্ত্রী সাম্মি (২২) তার পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে নিখোঁজ হন। স্থানীয়দের অভিযোগ, ইমাম বেলাল ফকির ও ওই নারীর মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে চলে গেছেন।
মসজিদের কয়েকজন মুসল্লি জানান, জুমার নামাজ শেষে ছুটির কথা বলে ইমাম চলে যান। পরে জানতে পারেন, পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীও একই সময়ে নিখোঁজ হয়েছেন। এরপর থেকেই বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ ঘটনায় প্রবাসীর পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে সংবাদ প্রকাশ পর্যন্ত ইমাম ও ওই নারীর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।





