পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

২০ জুন, ২০২৬ - রাত ১:৪৪
 112
পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মো. জিহাদ (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌর শহরের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াসের ছেলে। সে বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন সহপাঠীর সঙ্গে বাউফল বালিকা বিদ্যালয়ের বড় পুকুরে গোসল করতে নামে জিহাদ। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে সহপাঠীরা খোঁজাখুঁজি শুরু করে।

এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় জিহাদকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।