নড়াইলে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্মরণসভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।
এ সময় নড়াইল জেলা প্রশাসন, জেলা পুলিশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা পরিষদ, এনসিপি, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এরপর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার,জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, জেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন বিশ্বাস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আমিরুল ইসলাম রানাসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁদের ত্যাগ ও আদর্শকে ধারণ করে বৈষম্য, অন্যায় ও দুর্নীতিমুক্ত একটি মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। পাশাপাশি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা, স্মৃতিচারণ ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।






