নড়াইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
প্রধানমন্ত্রীর একযোগে দেশব্যাপী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র অংশ হিসেবে নড়াইল সদর উপজেলায় ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল সদর-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকারি এ উদ্যোগে সকলকে সম্পৃক্ত হতে হবে।
আলোচনা শেষে উপস্থিত অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে ফলদ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।