ফেসবুকে কারিগরি ত্রুটি, হ্যাকড ভেবে আতঙ্কিত অনেকে

১২ জুন, ২০২৬ - রাত ৮:৩৪
ফেসবুকে কারিগরি ত্রুটি, হ্যাকড ভেবে আতঙ্কিত অনেকে
ফেসবুকে বিভ্রাট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বড় ধরনের কারিগরি বিভ্রাটের মুখে পড়েছে। বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সমস্যার কথা জানিয়েছেন।  

বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কারিগরি সমস্যার অভিযোগ বাড়ছে। বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ইজডাউন’-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এরও বেশি ব্যবহারকারী এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন। শুক্রবার (১২ জুন) বিকেল পর্যন্ত প্ল্যাটফর্মটি ফেসবুকে চলমান সমস্যার অস্তিত্ব শনাক্ত করেছে। ইউনিল্যাডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জানা গেছে, এ সমস্যার প্রভাব বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের ওপর পড়ছে। অভিযোগকারীদের মধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টাইলা জানিয়েছে, ফেসবুকের সমস্যার বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া জানাতে অনেক ব্যবহারকারী অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের শরণাপন্ন হয়েছেন।

একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “আমি তো ভেবেছিলাম আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে।”

আরেকজন মন্তব্য করেন, “আমার মনে হয়েছিল আমি আমার পেইজটাই হারিয়ে ফেলেছি।”

তৃতীয় একজন লেখেন, “আমাকে তো সরাসরি লগ আউট করে দিয়েছে, হা হা!”

আরেক ব্যবহারকারী বলেন, “আমার অ্যাকাউন্টও নিজে থেকেই লগ আউট হয়ে গেছে।”

এ ঘটনায় এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ব্যবহারকারীদের ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন।