নড়াইলের কালিয়ায় বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের কচুয়াডাঙ্গা বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১৫ জুন ২০২৬) ২০২৫-২৬ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় এ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচিতে অংশ হিসেবে বিলের জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক জলাশয়ে হারিয়ে যেতে বসা বিভিন্ন প্রজাতির মাছ পুনরুদ্ধারের লক্ষ্যে ৩২০ কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। অবমুক্তকৃত মাছের মধ্যে ছিল পাবদা, গুলসা, টেংরা ও শিং প্রজাতির পোনা।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোঃ জিল্লুর রহমান, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া উপজেলা মৎস্য অফিসার চয়ন বিশ্বাস, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম, বাঐশোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মাদী বেগম, কালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি করতে প্রাকৃতিক জলাশয়ে নিয়মিত পোনা অবমুক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ স্থানীয় মৎস্যসম্পদ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জেলেদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে কচুয়াডাঙ্গা বিলে মাছের পোনা অবমুক্ত করেন। স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।