নড়াইলে দুই ভাইয়ের বিরোধ মেটাতে সালিশ চলাকালে জামায়াত নেতা জখম
নড়াইলে দুই ভাইয়ের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য অনুষ্ঠিত সালিশ বৈঠকে হামলার ঘটনায় মো. আব্দুর রহিম (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে জামায়াতের নেতা হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল পৌরসভার ডুমরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুর রহিম ডুমরতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের কালিম মোল্যার দুই ছেলে আশিক মোল্যা ও রাজু মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, বুধবার রাজুর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার মীমাংসার জন্য বৃহস্পতিবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
সালিশ চলাকালে অভিযুক্ত আশিক মোল্যা উত্তেজিত আচরণ শুরু করলে উপস্থিত ব্যক্তিরা তাকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে সালিশে উপস্থিত আব্দুর রহিমের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আশিক মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু পাঠক প্রবাহকে বলেন, সালিশ বৈঠকে একজন আহত হওয়ার ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।