নড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
‘চেতনায় নারী, বিপ্লবে নারী, গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর,) নড়াইল জেলা, থানা ও পৌর মহিলা দলের যৌথ উদ্যোগে জেলা পরিষদ মিলনাতনে এক আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
নড়াইল জেলা মহিলা দলের সভাপতি মিসেস শিরিন জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেগম সালেহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল সদর থানা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলোক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু, অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ (জাপল) , নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও রাজপথের সংগ্রামে মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের প্রতিটি সংগ্রামকে তরান্বিত করতে মহিলা দলের সর্বস্তরের নেতা-কর্মীদের আরও সুসংগঠিত হয়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠান শেষে দলের উত্তরোত্তর সাফল্য, অগ্রগতি এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় নড়াইল জেলা, থানা ও পৌর মহিলা দলসহ বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।





