বাংলা কিউআরের মাধ্যমে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে নড়াইলে বিকাশের মতবিনিময় সভা

৩ আগস্ট, ২০২৬ - রাত ১০:৩২
 1.1k
বাংলা কিউআরের মাধ্যমে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে নড়াইলে বিকাশের মতবিনিময় সভা
নড়াইলে বিকাশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারের ক্যাশলেস লেনদেন ব্যবস্থা সম্প্রসারণ এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে নড়াইলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশের ‘বাংলা কিউআর’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ব্যবসায়ীদের নিরাপদ, সহজ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মার্চেন্টদের জন্য ঋণ সুবিধা ও পেমেন্ট স্পিকার সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টায় নড়াইল শহরের জমজম ক্যাফেতে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিকাশের নড়াইল জেলা ডিস্ট্রিবিউটর রুপালি ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গিয়াসউদ্দিন খান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিকাশের ফরিদপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার মোছাদ্দের আলী মিঠু। তিনি বলেন, দেশের অর্থনীতিকে ক্যাশলেস করার লক্ষ্যে বাংলাদেশ সরকার যে দূরদর্শী উদ্যোগ গ্রহণ করেছে, বিকাশ শুরু থেকেই সেই উদ্যোগের অংশীদার হিসেবে কাজ করছে। ব্যবসায়ীদের সুবিধার্থে চালু করা ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করেই বিভিন্ন ডিজিটাল মাধ্যম থেকে নিরাপদে পেমেন্ট গ্রহণ করা সম্ভব। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেন হবে আরও সহজ ও স্বচ্ছ এবং ব্যবসার পরিধি বাড়বে।

তিনি আরও বলেন, বিকাশ মার্চেন্টদের ব্যবসা সম্প্রসারণে সহজ শর্তে ঋণ সুবিধা চালু করেছে। পাশাপাশি গ্রাহকদের পেমেন্ট প্রক্রিয়া আরও সহজ ও আকর্ষণীয় করতে মার্চেন্টদের জন্য ‘পেমেন্ট স্পিকার’ সুবিধাও প্রদান করা হচ্ছে।

বাংলা কিউআরের বিভিন্ন সুবিধা ও ব্যবহার পদ্ধতি তুলে ধরে বক্তব্য দেন বিকাশের নড়াইল টেরিটরি ম্যানেজার মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, সরকারের ক্যাশলেস নীতি বাস্তবায়নে ‘বাংলা কিউআর’ একটি যুগান্তকারী উদ্যোগ। আগে বিভিন্ন অ্যাপের জন্য আলাদা কিউআর কোড প্রয়োজন হলেও এখন একটি বাংলা কিউআর দিয়েই সব ধরনের ডিজিটাল পেমেন্ট গ্রহণ করা সম্ভব। এতে ব্যবসায়ীদের সময় সাশ্রয় হবে, লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং নগদ অর্থ বহনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে।

এ সময় বক্তব্য দেন নড়াইল বিকাশ মার্চেন্ট অপারেশন ম্যানেজার এম. এ. জায়েদ ফয়সাল।

সভায় বক্তারা সরকারের ডিজিটাল লেনদেন সম্প্রসারণ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলা কিউআর’ স্থানীয় ব্যবসা-বাণিজ্যে আধুনিক, নিরাপদ ও সহজ পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় নড়াইলের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।