রাঙামাটিতে মায়ের দায়ের কোপে মাদকাসক্ত ছেলের মৃত্যু, বাবা-মা আটক
রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা-মাকে আটক করেছে পুলিশ।
নিহত সাকিবুল ইসলাম (২৩) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের দাবি।
শনিবার (২৫ জুলাই) দুপুরে আসামবস্তি এলাকার সিরাজ সওদাগরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সাকিবুল রফিকুল ইসলাম ও রাখাই ইসলামের বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে সাকিবুলের সঙ্গে তাঁর বাবা-মায়ের ঝগড়া ও হাতাহাতি হয়। এ সময় তাঁর মা ধারালো দা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা সাকিবুলকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফুয়াদ হাসান জানান, ঘাড়ে গুরুতর কাটা জখম নিয়ে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিবুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাঁকে মাদক থেকে ফিরিয়ে আনতে একাধিকবার চিকিৎসা করানো হয় এবং পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হয়। কয়েক মাস আগে তাঁর বাবা প্রায় আড়াই লাখ টাকা ব্যয় করে আবারও রিহ্যাবে ভর্তি করান। তবে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর তিনি পুনরায় মাদকাসক্ত হয়ে পড়েন বলে পরিবারের দাবি।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য, মাদকাসক্তির কারণে দীর্ঘদিন ধরেই পরিবারে অশান্তি লেগে ছিল। মাদক সেবন এবং কথিত অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বিরোধ হতো। কিছুদিন আগে তিনি একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারেও ছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর আবারও মাদক সেবন ও মাদক কারবারে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।






