ইঞ্জিনে আগুন লাগায় সাড়ে ৩ ঘণ্টা পর ছাড়ল মেঘনা এক্সপ্রেস
ফেনী রেলওয়ে স্টেশনে ইঞ্জিনে আগুন ও যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস প্রায় সাড়ে তিন ঘণ্টা আটকে ছিল। পরে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।
শনিবার (২০ জুন) সকাল ৮টা ২২ মিনিটে চাঁদপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি ফেনী জংশনে পৌঁছালে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
এরপর নিরাপত্তার কারণে ট্রেনটি ডাউন লাইনে থামিয়ে রাখা হয়। এতে প্রায় ৮০০ যাত্রী ভোগান্তিতে পড়েন।
নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি কষ্টে পড়েন। অনেকে প্ল্যাটফর্মে অপেক্ষা করেন। কেউ কেউ সড়কপথে চলে যান। অনেকে টিকিটও বাতিল করেন।
স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, চট্টগ্রাম থেকে রিলিফ ইঞ্জিন আনা হয়। সেটি যুক্ত করার পর ট্রেনটি ছাড়ে।
তিনি আরও জানান, অন্য দুটি লাইন সচল থাকায় রেল চলাচল স্বাভাবিক ছিল।