এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করল জামায়াত

২২ জুলাই, ২০২৬ - রাত ৭:০০
 966
এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করল জামায়াত

সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত

নারীর সঙ্গে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২২ জুলাই) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ঘটনার বিষয়ে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে দলটি জানিয়েছে, বহিষ্কারের বিষয়টি দ্রুত বাংলাদেশ নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

এর আগে অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদন পর্যালোচনা করেই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।