বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর, স্থগিত এইচএসসি পরীক্ষা হবে নতুন প্রশ্নপত্রে

১৪ জুলাই, ২০২৬ - রাত ৯:৫৪
 260
বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর, স্থগিত এইচএসসি পরীক্ষা হবে নতুন প্রশ্নপত্রে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

চলমান বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্রে পুনরায় নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন কয়েকটি জেলার পরীক্ষা স্থগিত করতে হয়েছে। তবে এসব পরীক্ষা বাতিল করা হবে না; নতুন প্রশ্নপত্রে পুনরায় আয়োজন করা হবে।

মন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান বিষয়ের বিকল্প প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সময়ই স্থগিত হওয়া পরীক্ষাগুলো গ্রহণের ব্যবস্থা করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক বাস্তবতা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বক্তব্যের একপর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে তার একটি ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট সমালোচনার প্রসঙ্গও তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কাউকে উদ্দেশ্য করে বা আঘাত দেওয়ার জন্য তিনি কোনো মন্তব্য করেননি।

শিক্ষামন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলিনি। যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন বা আহত হয়ে থাকেন, তাহলে আমি দুঃখ প্রকাশ করছি।”

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে উল্লেখ করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়েছেন।