নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান
"জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নড়াইলে র্যালি, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের নড়াইলের উপপরিচালক নাজমুল হুদা। স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, নড়াইলের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়া। প্রবন্ধ উপস্থাপন করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রফেসর ড. মো. ছায়েম আলী খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. মোস্তাফিজুর রহমান আলেক এবং অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।
অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।






