এআইয়ে ব্রাজিল ভক্তকে বানাল আর্জেন্টিনা সমর্থক, এবার লিগ্যাল নোটিশ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এক ব্রাজিল সমর্থকের ছবি সম্পাদনা করে তাকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (২১ জুন) নড়াইলে এ ঘটনা ঘটেছে।
ব্রাজিল সমর্থক শাহাদাত জালাল পিয়াসের পক্ষে নড়াইল জজ কোর্টের আইনজীবী মো. ফেরদৌস ইসলাম তনু এ নোটিশ পাঠান। নোটিশে অভিযুক্ত করা হয়েছে নড়াইলের আদমপুর গ্রামের বাসিন্দা ও আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত মো. সোহাগ ফরাজীকে।
নোটিশে উল্লেখ করা হয়, শাহাদাত জালাল পিয়াসের বন্ধু মির্জা গালিব স্বতেজ একজন কট্টর ব্রাজিল সমর্থক। তবে অভিযুক্ত সোহাগ ফরাজী এআই প্রযুক্তি ব্যবহার করে তার ছবি সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সি পরিহিত বিভিন্ন ব্যঙ্গাত্মক ও আপত্তিকর ছবি তৈরি করেন এবং নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেগুলো প্রচার করেন।
এতে নোটিশদাতা ও তার বন্ধুর ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে। নোটিশে আরও বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানির জন্য এসব ছবি প্রচার করা হয়েছে।
লিগ্যাল নোটিশে অভিযুক্তকে ৭২ ঘণ্টার মধ্যে ফেসবুক থেকে সংশ্লিষ্ট সব ছবি ও পোস্ট অপসারণ এবং তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে মির্জা গালিব স্বতেজ বলেন, “আমি একজন ব্রাজিল সমর্থক। এআই ব্যবহার করে আমার ছবি বিকৃত করে আমাকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে প্রচার করা হয়েছে, যা আমার ব্যক্তিগত সম্মান ও সামাজিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে। তাই আইনি পদক্ষেপের অংশ হিসেবে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “ফুটবল সমর্থন নিয়ে সুস্থ প্রতিযোগিতা থাকতেই পারে, কিন্তু কাউকে হেয়প্রতিপন্ন করতে ছবি বিকৃত করে প্রচার করা অনুচিত। আমি আশা করি সংশ্লিষ্ট ব্যক্তি দ্রুত এসব কনটেন্ট সরিয়ে নিয়ে নিজের ভুল স্বীকার করবেন।”
তবে এ বিষয়ে অভিযুক্ত সোহাগ ফরাজীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
নড়াইল জজ কোর্টের আইনজীবী মো. ফেরদৌস ইসলাম তনু বলেন, “আমার মক্কেলের পক্ষে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপত্তিকর কনটেন্ট অপসারণ ও ক্ষমা প্রার্থনা না করলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”






