ব্রাজিলের জয়রথ চলবে নাকি বিদায় ?
বিশ্বকাপে ব্রাজিলের সামনে জাপানের চ্যালেঞ্জ: নকআউটে হারের সুযোগ নেই, শুরু ‘ডু অর ডাই’ লড়াই
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্সের পর এবার নকআউট মঞ্চে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ৩২-এর লড়াইয়ে সেলেসাওদের প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী দল জাপান।
আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে অবস্থিত এনআরজি স্টেডিয়ামে (NRG Stadium) খেলাটি অনুষ্ঠিত হবে।
ব্রাজিল গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে । মরক্কোর সঙ্গে ড্র করলেও হাইতি ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে ব্রাজিল। অন্যদিকে গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডসের পর রানার্সআপ হয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে জাপান। সুইডেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ড্র এবং তিউনিসিয়ার বিপক্ষে বড় জয় জাপানকে এনে দিয়েছে নকআউটের টিকিট।
কাগজে-কলমে এগিয়ে থাকলেও জাপানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ব্রাজিলের। টেকনিক্যাল ফুটবল, দ্রুতগতির আক্রমণ এবং শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগ দিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে জাপান। জাপানের কোচ হাজিমে মোরিয়াসুও জানিয়েছেন, ব্রাজিলের বিপক্ষেও তাদের দল লড়াই করতে প্রস্তুত এবং তারা কোনোভাবেই সহজ প্রতিপক্ষ নয়।
ব্রাজিলের লক্ষ্য একটাই বিশ্বকাপ জয়।তাই নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। গ্রুপ পর্বের ধারাবাহিকতা ধরে রেখে জয় দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় সেলেসাওরা।
এখন ফুটবলপ্রেমীদের নজর একটাই প্রশ্নে—বিশ্বকাপের মঞ্চে কি ব্রাজিল নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখবে, নাকি জাপান উপহার দেবে আরেকটি বড় চমক?






