আরেকটি বিপ্লবের জন্য জাতিকে প্রস্তুতি নিতে হবে-বিরোধীদলীয় নেতা

২০ জুন, ২০২৬ - রাত ১০:১৩
 447
আরেকটি বিপ্লবের জন্য জাতিকে প্রস্তুতি নিতে হবে-বিরোধীদলীয় নেতা
বিরোধীদলীয় নেতা

সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে জাতিকে নতুন আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, প্রয়োজন হলে রাজপথেই আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি করা হবে।

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত ১১ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য জাতিকে প্রস্তুতি নিতে হবে। দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আন্দোলনের পথেই থাকব।”

তিনি অভিযোগ করেন, নির্বাচনে ‘চুরি, ডাকাতি ও ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করা হয়েছে। তবে দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন বলেও উল্লেখ করেন।

জামায়াত আমির বলেন, “দেশে যাতে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি না হয়, সে কারণেই আমরা ফলাফল মেনে নিয়েছি। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে নয়, রাজপথেই ফয়সালার ব্যবস্থা করা হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

এসময় উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র ও জনঅধিকার নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।