এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরন
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় শেষে সমাবেশে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, এনসিপির পূর্বনির্ধারিত একটি পদযাত্রা কর্মসূচি শেষে ঈদগাহ মাঠে সমাপনী সমাবেশ চলছিল। সমাবেশ চলাকালীন আকস্মিকভাবে সভাস্থল লক্ষ্য করে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে উপস্থিত সবার মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, দলের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাভার থানা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সভাস্থল ও আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন।





