“সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে” — ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার ইতোমধ্যে একাধিক ‘অঘটন’ ঘটিয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
শুক্রবার নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াত আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকের কার্যক্রমে হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি নিয়োগ এবং জেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের পদায়নের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, এর ফলে দেশে একদলীয় শাসনের প্রবণতা তৈরি হচ্ছে, যা অতীতেও ছিল এবং টেকেনি।
বক্তব্যে তিনি ২০২৪ সালের আন্দোলন ও শহীদদের প্রসঙ্গ তুলে বলেন, তাদের ত্যাগের কারণেই বর্তমান রাজনৈতিক পরিবর্তন এসেছে। তিনি দাবি করেন, জনগণের ভোট ও রায়ের সঠিক প্রতিফলন না হলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।
সম্মেলনে তিনি নারায়ণগঞ্জের স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া উন্নয়ন সম্ভব নয়।
তিনি স্থানীয় প্রশাসনে পরিবর্তন এনে দ্রুত নির্বাচনের দাবি জানান এবং আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী প্রার্থী দেবে বলেও ঘোষণা দেন।
অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।