জুলাইযোদ্ধাদের হত্যার হুমকির ঘটনার প্রতিবাদে ছাত্র শিবির,ছাত্র আন্দোলনের বিবৃতি 

৭ জুলাই, ২০২৬ - রাত ৯:৩১
 1k
জুলাইযোদ্ধাদের হত্যার হুমকির ঘটনার প্রতিবাদে ছাত্র শিবির,ছাত্র আন্দোলনের বিবৃতি 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইলের নেতাকর্মী ও কয়েকজন আহত জুলাইযোদ্ধাকে হত্যার উদ্দেশ্যে পুরস্কার ঘোষণার প্রতিবাদ জানিয়েছে নড়াইল জেলা ছাত্রশিবির ও জেলা ইসলামী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা শাখা এবং জেলা ছাত্রশিবির আসামিদের গ্রেফতার ও বিচার দাবি করে পৃথক বিবৃতি দেয়। 

​জেলা ইসলামী ছাত্র আন্দোলনের তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মোঃ নিয়ামাতুল্লাহ সরদার স্বাক্ষরিত দলীয় প্যাডে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা শাখার সভাপতি ও জুলাইযোদ্ধা বিএম মুস্তাফিজুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক মোঃ আসিফ হুমকিদাতাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন। 

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে নেতৃদ্বয় বলেন, এই ঘটনা আইনের শাসনের প্রতি এক সুস্পষ্ট চ্যালেঞ্জ। মতপ্রকাশের স্বাধীনতা দমনে হত্যার হুমকি, সহিংসতার উসকানি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের আহ্বান কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। এই ঘটনার গভীরতা বিবেচনা করে দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"

এদিকে পৃথক আরেক বিবৃতিতে ঘটনার প্রতিবাদ জানিয়ে আসামিদের গ্রেফতার দাবি করেছেন জেলা ছাত্রশিবিরের সভাপতি ও আহত জুলাইযোদ্ধা এস এম সালাউদ্দিন এবং সেক্রেটারি তাজ মোহাম্মদ।  জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মোঃ নাইমুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, "জুলাই মাসকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ও আহত জুলাইযোদ্ধাদের হত্যার উদ্দেশ্যে ফেসবুকে দেড় লাখ টাকা পুরস্কার ঘোষণার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। আমরা জেনেছি, এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক ১১ নেতাকর্মীর নাম উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।" বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের গ্রেফতার, হুমকির শিকার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এদিকে সোমবার (৬ জুলাই) নড়াইলে জুলাইযোদ্ধা ও আন্দোলনে অংশগ্রহণকারী কতিপয় ছাত্রদের মারার জন্য দেড়লক্ষ করে টাকা পুরস্কার ঘোষণা করার পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সোমবার দিবাগত সাড়ে দশটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সদস্য সচিব আমিরুল ইসলাম রানা ১১ জনকে আসামি করে সদর থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জুলাই মাস আসায় বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ও আহত জুলাইযোদ্ধাদের মারতে পারলে ফেসবুকে দেড় লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করে নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক কয়েকজন নেতাকর্মী।