নড়াইলে স্মরনকালে সবচেয়ে বড় মাদকের চালান আটক

১৯ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৯:৫০
 597
নড়াইলে স্মরনকালে সবচেয়ে বড় মাদকের চালান আটক
মাদকসহ দুই বাস শ্রমিককে আটক

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিককে আটক করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে এই বড় মাদকের চালান জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের উপ পরিচালক গোলক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম জানতে পারে যে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে মাদকের একটি বড় চালান নড়াইলের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে কর্মকর্তারা সদর উপজেলার মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। পরে ঢাকা থেকে যশোরগামী 'নড়াইল এক্সপ্রেস' পরিবহনে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের ভেতরে থাকা সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় বাসের শ্রমিক ও সংশ্লিষ্টদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের মো. ইয়াকুব সরদারের (৪০) হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে তার সহযোগী ও বাসের আরেক শ্রমিক কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. সুজন মোল্যাকে (৩৩) আটক করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো অত্যন্ত সুকৌশলে একটি কার্টনের ভেতরে রাখা হয়েছিল। ৪০টি নীল রঙের পলিতে মোড়ানো অবস্থায় প্রতিটিতে ২০০ পিস করে মোট ৮ হাজার পিস ইয়াবা প্যাকেটজাত করা ছিল। মাদকের এই চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর। মাদকের পাশাপাশি আসামিদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নড়াইলে মাদকের বিরুদ্ধে এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।#