নাশকতা মামলার নড়াগাতী থানার যুবলীগের সভাপতি শরিফুল চৌধুরী গ্রেপ্তার
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার যুবলীগের সভাপতি মো. শরিফুল চৌধুরীকে গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নড়াগাতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার হওয়া শরিফুল চৌধুরী নওশের চৌধুরীর ছেলে। তিনি নড়াগাতী এলাকার বাসিন্দা এবং নড়াগাতী থানা যুবলীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল চৌধুরী কালিয়া থানায় দায়ের করা একটি নাশকতা মামলার আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, গ্রেফতারের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগের প্রতি নিজের অবস্থানের কথা উল্লেখ করেন।
নড়াগাতী থানা যুবদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করা হচ্ছিল এবং ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার আশঙ্কা রয়েছে। তবে এ দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম (ওসি) জানান, শরিফুল চৌধুরী পূর্ব থেকেই কালিয়া থানার একটি নাশকতা মামলার আসামি ছিলেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।





