ট্রাকের নিচে ঝরে গেল নড়াইলের একটি পরিবারের তিন প্রাণ, বেঁচে রইলেন শুধু বাবা

১ আগস্ট, ২০২৬ - রাত ২:৫১
 1.5k
ট্রাকের নিচে ঝরে গেল নড়াইলের একটি পরিবারের তিন প্রাণ, বেঁচে রইলেন শুধু বাবা
ট্রাকের নিচে ঝরে গেল নড়াইলের একটি পরিবারের তিন প্রাণ

খুলনা থেকে মটরসাইকেল চালিয়ে কালিয়ার উথলী গ্রামের বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় ২২ মাসের কন্যা, স্ত্রী, শ্যালিকা কে হারিয়ে নিঃস্ব শেখ শিহাব।

খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং তাদের ২২ মাস বয়সী কন্যাশিশু। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেলেও এক মুহূর্তে হারিয়েছেন স্ত্রী, সন্তান ও স্বজনকে।

পুলিশ জানায়, শেখ শিহাব মোটরসাইকেলে পরিবারকে নিয়ে খুলনা থেকে নড়াইলের কালিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই ফারজানা, রুবিয়া এবং ২২ মাসের শিশুটি নিহত হন।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নড়াইলের কালিয়ার উথলী গ্রামে এই দুর্ঘটনার খবর পৌঁছানোর পর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।